উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্যে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (৬ মে) সকালে তিনি উখিয়া আর্মি ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৪সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
আরআরআরসি সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মো. তৌফিক-উর-রহমান, পরিচালক শামিমা ইয়াসমিন স্মৃতি, এপিএস মোহাম্মদ ফজলুল হক, সহকারী সচিব জাহিদ হাসান সেহাবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমান, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা এবং বিভিন্ন ক্যাম্প ইনচার্জ (সিআইসি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী প্রথমে ক্যাম্প-৪-এর এ-১১ ব্লকে অবস্থিত বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর অর্থায়নে পরিচালিত ফুড ডিস্ট্রিবিউশন সেন্টার (ই-ভাউচার আউটলেট) পরিদর্শন করেন। সেখানে তিনি রোহিঙ্গাদের ডিজিটাল ডাটা কার্ডের মাধ্যমে খাদ্যসামগ্রী সংগ্রহের প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং উপকারভোগীদের সঙ্গে কথা বলেন।
পরে তিনি ক্যাম্প-৪-এর এ-৫ ব্লকে অবস্থিত এলপিজি বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর সহায়তায় পরিচালিত এই কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে তিনি বিস্তারিত অবহিত হন এবং সংশ্লিষ্টদের সেবা আরও কার্যকর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার নির্দেশনা দেন।
এরপর ক্যাম্প-৪-এর সিআইসি কার্যালয়ে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। এসময় রোহিঙ্গা প্রতিনিধিরা তাদের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং সম্মানজনক প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ সরকারের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
পরবর্তীতে তিনি ক্যাম্প-৮ ওয়েস্টে অবস্থিত মেডিসিন সানস ফ্রন্টিয়ার (এমএসএফ) পরিচালিত হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে চিকিৎসা সেবা গ্রহণকারী রোগীদের সঙ্গে কথা বলেন এবং সেবার মানে সন্তোষ প্রকাশ করেন।
পরে ক্যাম্প-১৮-এ ইউনিসেফের সহায়তায় পরিচালিত কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার ও নিউ মুন লার্নিং সেন্টার পরিদর্শন করেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের শিক্ষার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং শিক্ষাব্যবস্থা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
সবশেষে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে নারীদের দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। সেখানে সেলাই প্রশিক্ষণ ও স্বাস্থ্যবিধি সামগ্রী উৎপাদন কার্যক্রম ঘুরে দেখে তিনি নারীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।
৮ এপিবিএন-এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, প্রতিমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ক্যাম্প এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিয়মিত টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, প্রতিমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও জ্বালানি বিতরণ ব্যবস্থার বিভিন্ন দিক সরেজমিনে পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন





