আনোয়ারা চাতরী চৌমুহনী বাজারে সড়ক উন্নয়নে উচ্ছেদ অভিযান

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও যানজটের ভোগান্তি নিরসনে অবশেষে কার্যকর উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে এলাকায় শুরু হয়েছে উচ্ছেদ অভিযান।

মঙ্গলবার (৫ মে) সকাল ১০টা থেকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া আক্তার চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সওজ সূত্রে জানা গেছে, চাতরী চৌমুহনী বাজার থেকে মেরিন একাডেমি পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এ উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে। ৭৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় বাজার এলাকার জলাবদ্ধতা নিরসনে ১২০০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় ক্রস ড্রেনও স্থাপন করা হবে।

অভিযান চলাকালে সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবদুল্লাহ আল নোমান পারভেজ জানান, চলমান সড়ক উন্নয়ন প্রকল্পের কাজে গতি আনতেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হবে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, উপ-সহকারী প্রকৌশলী আবু আহসান মুহাম্মদ আজিজুল মোস্তফা এবং সড়ক ও জনপথ বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top