পটিয়ায় প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের অভিযানে ৩৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদ, ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ী, সিআর পরোয়ানাভুক্ত ২ জন এবং সিআর সাজা পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— তপন দাশ (৩৬), মো. ফারুক (১৯), তপন দাশ ওরফে তপন সেন, দিদারুল আলম এবং আবু তালেব (৫৮)।
পুলিশ সূত্রে জানা যায়, পটিয়া থানায় কর্মরত এসআই (নিঃ) প্রদীপ চন্দ্র দে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে পটিয়া থানাধীন হাইদগাঁও ৫নং ওয়ার্ডের বানিয়া পাড়া পুকুরের উত্তর-পশ্চিম পাড় থেকে মাদক ব্যবসায়ী তপন দাশ (৩৬)-কে ৩৫ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে, পৃথক অভিযানে এসআই (নিঃ) থোয়াইছামং চাক্ নয়ন গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৪নং ওয়ার্ডের ব্রাহ্মণপাড়া এলাকার শফি সওদাগরের ভাড়া বাসার সামনে রাস্তা থেকে মো. ফারুক (১৯)-কে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
এ ঘটনায় পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি পৃথক মামলা রুজু করা হয়েছে।
এছাড়াও এএসআই (নিঃ) মো. কামাল উদ্দিন, এএসআই (নিঃ) মো. সাইফুল ইসলাম এবং এএসআই (নিঃ) মো. শামীম ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামি তপন দাশ ওরফে তপন সেন, মো. দিদারুল আলম এবং আবু তালেব (৫৮)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/পিবলু/এমকেএন






