চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-উত্তর) এর অভিযানে ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পরান চৌধুরীর বাড়ির মো. সেলিমের ছেলে মো. সাজ্জাদুল রহমান সাকিব (২৭) এবং একই উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকার সমতুল ফকিরের বাড়ির মৃত ফজলুর রহমানের ছেলে মো. আবু ফয়সাল (২৬)।
চট্টগ্রাম মহানগর পুলিশের ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান প্রাং জানান, পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকায় অবস্থিত ফিনলে স্কয়ার ভবনের সপ্তম তলায় ‘ক্রিয়েটর্স হাব’-এ কয়েকজন মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ মে) অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফটিকছড়ি এলাকার এক ওমানপ্রবাসী মাদক কারবারি চক্রের মাধ্যমে এসব মাদক চট্টগ্রাম নগরে এনে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন





