বোয়ালখালীতে মাদক সেবনে দুই যুবকের কারাদণ্ড

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মাদক সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের খ সার্কেলের সহযোগিতায় পরিচালিত অভিযানে গাঁজা সেবনের অপরাধে মো. হেলাল (২১) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. বাছা ওরফে জুয়েল (২২) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় এ দণ্ডাদেশ প্রদান করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top