চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘চান্দগাঁও ফুটবল একাডেমি’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
চান্দগাঁও ফুটবল একাডেমির উদ্বোধন উপলক্ষে অভিনন্দন জানান চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ (এমপি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া।
অনুষ্ঠানের উদ্বোধন করেন চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি (বি-ব্লক)-এর সভাপতি অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহম্মেদ। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদুল কবির রানা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধান বক্তাও খেলাধুলার গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে চান্দগাঁও ফুটবল একাডেমির কার্যক্রম উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, এই একাডেমির মাধ্যমে এলাকার তরুণদের খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন





