রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের বনরূপা-কাঠালতলি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
সোমবার (৪ মে) দুপুরে শহরের কাঠালতলী এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সভাপতি গ্রুপ ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
দীর্ঘ আট বছর পর শনিবার মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রদল রাঙামাটি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করে। পরদিন রোববার সকাল থেকেই কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীরা আন্দোলনে নামে। দুপুরে তারা শহরের দলীয় কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এ সময় রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। পরে তারা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবকে বিষয়টি অবহিত করেন। আন্দোলনকারীরা নতুন কমিটি বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।
সোমবার দুপুর পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রদল কোনো সিদ্ধান্ত না জানালে বিকেলে নতুন কমিটির সমর্থকরা শহরে আনন্দ মিছিল বের করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরিস্থিতির অবনতি রোধে জেলা ম্যাজিস্ট্রেট বনরূপা-কাঠালতলি এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, মাইকিং করে ১৪৪ ধারার বিষয়টি সবাইকে জানানো হয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে বলেন, দীর্ঘদিন পর কমিটি ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে প্রতিযোগিতা ছিল, তবে কোনো ধরনের গ্রুপিং নেই। তিনি সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
চাটগাঁ নিউজ/আলমগীর/এমকেএন






