দিল্লির আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির পূর্বাঞ্চলে একটি চারতলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আগুনের তীব্রতায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও দীর্ঘ উদ্ধার অভিযানে বহু বাসিন্দাকে জীবিত বের করে আনতে সক্ষম হয়েছে দমকল ও পুলিশ।

রোববার (৩ মে) ভোররাতে বিবেক বিহার ফেজ-১ এলাকার ওই ভবনে আগুন লাগে।

স্থানীয় সময় প্রায় ৩টা ৪৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রথমে ভবনের দ্বিতীয় তলায় আগুন দেখা গেলেও অল্প সময়ের মধ্যেই তা তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়ায় ভরে যায় পুরো ভবন, ফলে ঘুমন্ত অবস্থায় অনেক বাসিন্দা বের হতে না পেরে আটকা পড়ে যান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আগুন লাগার আগে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়দের ধারণা, একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণ অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। যদিও অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত করেনি প্রশাসন।

খবর পেয়ে দমকল, পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আগুনের ভয়াবহতা নিয়ন্ত্রণে আনতে ১২ থেকে ১৪টি ফায়ার ইঞ্জিন কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় অন্তত ১০ থেকে ১৫ জন বাসিন্দাকে জীবিত উদ্ধার করা হয়। কয়েকজন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিল্লির শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মীনা জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে আরও কেউ আটকা পড়ে আছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top