নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে আফগান নারীরা

ক্রীড়া ডেস্ক: ২০১৮ সালে সর্বশেষ কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচ খেলেছিল আফগানিস্তানের মেয়েরা। এরপর ২০২১ সালে তালেবান সরকার ক্ষমতায় আসার পর নারীদের খেলাধুলার ওপর নিষেধাজ্ঞা চলে আসে। ফলে একাধিক খেলোয়াড় বিদেশে আশ্রয় নিতে বাধ্য হন।

দীর্ঘ ৮ বছর ধরে আফগানিস্তানের মেয়েরা ফুটবল খেলতে না পারলেও অবশেষে তাদের প্রত্যাবর্তনের পথ খুলেছে। ফিফা কাউন্সিলে নতুন সংশোধনী আনা হয়েছে। ফলে আফগানিস্তানের মেয়েরা আবার ফুটবলে ফিরতে যাচ্ছেন।

এতদিন ফিফার নিয়ম অনুযায়ী, কোনো দলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হলে সেটিকে সংশ্লিষ্ট সদস্য সংস্থা (আফগানিস্তানের মেয়েদের ক্ষেত্রে আফগানিস্তান ফুটবল ফেডারেশন) দ্বারা স্বীকৃত হতে হতো।

কিন্তু গতকাল (মঙ্গলবার) কানাডার ভ্যাঙ্কুভারে কাউন্সিলের সভায় অনুমোদিত নতুন সংশোধনী অনুযায়ী ‘ব্যতিক্রমী পরিস্থিতিতে’ যেকোনো জাতীয় বা প্রতিনিধিত্বমূলক দলকে নিবন্ধনের অনুমতি দিতে পারবে ফিফা। যাতে করে খেলোয়াড়রা তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ফুটবল খেলতে বাধাগ্রস্ত না হয়।

এর ফলে আফগান মেয়েরা ফের পূর্ণ স্বীকৃতিসহ আনুষ্ঠানিক ম্যাচে নিজেদের দেশকে প্রতিনিধিত্ব করতে পারবেন।

আফগানিস্তানের নারী ফুটবল দলকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফিরে আসার অনুমোদন দেওয়ায় তারা আরও “দৃঢ়তার প্রতীক” হয়ে উঠবেন বলে জানিয়েছেন সাবেক অধিনায়ক খালিদা পোপাল।

আফগানিস্তান নারী দলের সাবেক অধিনায়ক খালিদা পোপাল এই প্রত্যাবর্তনকে শুধু খেলাধুলায় ফেরা নয় বরং একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে পোপাল বলেন, ‘আমাদের দল সবসময়ই একটি সক্রিয় দল হিসেবে পরিচিত। কিন্তু ফিফার সঠিক সমর্থন পেলে এই সুযোগটি আমাদের দক্ষতা প্রদর্শন এবং প্রবাসে থাকা তরুণ প্রতিভাদের গড়ে তুলবে। আমি জানি এটি কঠিন হবে, কারণ আফগানিস্তানের ভেতরে থাকা নারীরা এতে অংশ নিতে হলে অনেক সংগ্রাম করতে হবে।কিন্তু আমরা যদি তাদের জন্য আশার বার্তা পৌঁছে দিতে পারি এবং দেখাতে পারি যে তাদের আমরা ভুলে যায়নি, তাহলে আমরা আমাদের এই প্ল্যাটফর্ম ব্যবহার করে যাব।’

আফগানিস্তানের মেয়েদের ফুটবলে ফিরিয়ে আনার অংশ হিসেবে “আফগান উইমেন ইউনাইটেড” নামের একটি শরণার্থী দল গঠিত হয়েছে। ২০২৫ সালের মে মাসে এক বছরের পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে ফিফার অনুমোদন ও সহায়তা নিয়ে এটি শুরু হয়।

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আফগান নারী ফুটবলারদের নিয়ে দলটি ইতোমধ্যে ম্যাচও খেলেছে এবং ভবিষ্যতে আরও প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

যদিও তারা ২০২৭ নারী বিশ্বকাপে অংশ নিতে পারবে না, তবে ২০২৮ অলিম্পিক বাছাইপর্বে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। জুন মাসে তাদের মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে, যা আফগান নারী ফুটবলের জন্য নতুন অধ্যায়ের সূচনা করবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top