চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে ১২ বছরের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে চরম উদ্বেগ বিরাজ করছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করছেন অভিভাবকরা।
নিখোঁজ শিশুর নাম মোহাম্মদ আবদুল্লা আলামিন চৌধুরী (১২)। তিনি বাঁশখালী উপজেলার ৩নং খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছটা এলাকার বাসিন্দা মো. জাফর আহমদ চৌধুরী ও রুমা আক্তারের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল সকাল আনুমানিক ৮টার দিকে আলামিন ৪নং বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ি এলাকার ৮নং ওয়ার্ডে অবস্থিত আবু বক্কর সিদ্দিকী (রহ.) ইসলামিয়া মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি।
মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি পরিবারকে জানালে স্বজনরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়ি ও আশপাশের এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আলামিনের বয়স ১২ বছর ৬ মাস। তার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা আনুমানিক ৪ ফুট ৬ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে জুব্বা ছিল এবং সে শারীরিকভাবে সুস্থ ছিল বলে জানা গেছে।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটির সন্ধানে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিষয়টি ভবিষ্যতের জন্য নথিভুক্ত রাখতে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
পরিবারের সদস্যরা কেউ আলামিনের সন্ধান পেলে দ্রুত নিকটস্থ থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






