কক্সবাজারে বজ্রপাতে লবণ মাঠের শ্রমিক নিহত

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে বজ্রপাতে রমিজ উদ্দীন নামে এক লবণ মাঠের শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে চৌফলদন্ডী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রমিজ উদ্দীন ওই এলাকার অছিয়র রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লবণের মাঠ থেকে ব্রিজের ওপর ওঠার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, বজ্রপাতে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top