সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেলিশ্যার বাজারের পূর্ব পাশে এ হামলার ঘটনা ঘটে।
আহত জামায়াত নেতার নাম সজীব আহমেদ। তিনি মগধরা ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারির দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে পেলিশ্যার বাজার থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন সজীব আহমেদ। পথিমধ্যে বাজারের পূর্ব পাশে পৌঁছালে একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে সন্ত্রাসীরা তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সজীব আহমেদের মাথায় একাধিক গভীর জখম রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক।
চিকিৎসাধীন অবস্থায় সজীব আহমেদ জানান, জামায়াতের সাংগঠনিক কার্যক্রম ও প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে তিনি কিছুদিন ধরে হুমকি পেয়ে আসছিলেন। হামলার সময় তিনি আকবর ও আলভি নামে দুইজনকে শনাক্ত করতে পেরেছেন বলেও দাবি করেন।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির আলাউদ্দীন সিকদার বলেন, গণতান্ত্রিক পরিবেশে আদর্শিক রাজনীতি করার কারণে একজন কর্মীর ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার বলেন, পেলিশ্যার বাজার এলাকায় একজনকে কুপিয়ে জখম করার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন





