রাউজানে অস্ত্রসহ রইশ্যা ডাকাত গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে অবৈধ অস্ত্রসহ আটক করেছে র‍্যাব-৭। গ্রেপ্তার হওয়া ব্যক্তি আব্দুর রশিদ (৫৫), যিনি স্থানীয়ভাবে “রইশ্যা ডাকাত” নামে পরিচিত। সে নোয়াপাড়া ইউনিয়নের পালোয়ানপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত বদরুজ মেহেরের ছেলে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে পালোয়ানপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে স্থানীয় লোকজন তাকে অস্ত্রসহ আটক করে। পরে খবর পেয়ে র‍্যাব-৭-এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আব্দুর রশিদের বিরুদ্ধে রাউজান ও সাতকানিয়া থানায় হত্যা, ডাকাতি এবং অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

 

Scroll to Top