ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, গত ১৮ এপ্রিল দুপুরে শিশুটি গ্রামের একটি দোকানে যায়। বিকেলের দিকে তার কান্নার আওয়াজ শুনে পরিবারের সদস্যদের সন্দেহ হয়, তবে প্রথমে বিষয়টি গুরুত্ব পায়নি। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবার ও স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।
ভুক্তভোগীর মা জানান, ঘটনার দিন তার মেয়ে আতঙ্কিত হয়ে কান্নাকাটি করছিল। পরে তার শরীরে রক্তক্ষরণ দেখা দিলে দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






