অ্যাম্বুলেন্সে রোগীর ছদ্মবেশে ইয়াবা পাচার, ধরা পড়লেন স্বামী-স্ত্রী

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় এক স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের নতুন বাহারছড়া এলাকার জলিলের দোকান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল এলাকার বাসিন্দা মো. একরাম হোসেন (৪৫) এবং তার স্ত্রী রুমা আক্তার (৩৮)। তারা কক্সবাজার সদর উপজেলার নতুন বাহারছড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি দল অভিযান চালিয়ে সন্দেহজনক একটি অ্যাম্বুলেন্স থামিয়ে তল্লাশি করে। এ সময় গাড়ির ড্রাইভিং সিটের পেছনে বিশেষভাবে লুকানো অবস্থায় স্কচটেপ ও টিস্যু দিয়ে মোড়ানো পাঁচটি পোটলা উদ্ধার করা হয়। এসব পোটলার ভেতরে থাকা ৫০টি জিপারলক প্যাকেটে মোট ১০ হাজার ইয়াবা পাওয়া যায়, যার ওজন প্রায় এক কেজি।

অভিযানের সময় একটি অ্যাম্বুলেন্স, প্রয়োজনীয় কাগজপত্র এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

ডিএনসির উপ-পরিদর্শক মো. মোস্তফা সিকদার ইমন জানান, অভিযানের সময় রুমা আক্তার নিজেকে রোগী হিসেবে উপস্থাপন করে অ্যাম্বুলেন্সে শুয়ে ছিলেন, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top