চাটগাঁ নিউজ ডেস্ক : বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান সিরিজের শেষ ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচগুলোকে সামনে রেখে দুই দলই চট্টগ্রামে এসে পৌঁছেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে তারা বন্দরনগরীতে পৌঁছে এবং বর্তমানে পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে অবস্থান করছেন।
মিরপুরে অনুষ্ঠিত প্রথম দুই ওয়ানডের পর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি আগামী ২৩ এপ্রিল চট্টগ্রামের সাগরিকা এলাকায় অবস্থিত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ২৭ ও ২৯ এপ্রিল দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ২ মে মিরপুরে অনুষ্ঠিত হবে।
দুই দলই আগামীকাল চট্টগ্রামে অনুশীলনে অংশ নেবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলোর আগে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নিতে মাঠে নামবেন খেলোয়াড়রা। সিরিজ নির্ধারণী ম্যাচগুলোকে ঘিরে ইতোমধ্যেই চট্টগ্রামের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
ম্যাচগুলোর টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে এবং স্ট্যান্ডভেদে মূল্য নির্ধারণ করা হয়েছে ভিন্নভাবে। গ্র্যান্ড স্ট্যান্ড ইস্ট ও ওয়েস্ট, রুফটপ ইস্ট ও ওয়েস্ট প্যাভিলিয়ন এন্ডের টিকিট মূল্য রাখা হয়েছে ২৫০০ টাকা। শহীদ শ্রাবণ ও শহীদ আবু সায়েদ স্ট্যান্ডের টিকিট ৬০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ৩০০ টাকা এবং ইস্টার্ন গ্যালারির টিকিট ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে ম্যাচগুলো সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ভেন্যুতে নিরাপত্তাসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
চাটগাঁ নিউজ/এসএ





