সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনে মেরামতের কাজ করার সময় ট্রেনে কাটা পড়ে মো. রফিকুল ইসলাম (৫৫) নামে এক রেলকর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার বাড়বকুণ্ড রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম রেললাইনে মেরামতের কাজ করছিলেন। এ সময় ডাউন লাইনে চট্টগ্রামগামী ‘মেঘনা এক্সপ্রেস’ ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই রাশেদ রানা জানান, সকালে রেললাইনে কাজ করার সময় দুইটি ট্রেনের মাঝখানে পড়ে তিনি চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন






