নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেললাইনের চন্দনাইশ উপজেলার খানহাট স্টেশন সংলগ্ন এলাকায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মাছ বোঝাই একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেনের বেশ কয়েকটি বগির দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) দুপুর আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
দোহাজারী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি পটিয়া স্টেশন অতিক্রম করে খানহাট এলাকায় পৌঁছালে রেললাইনের একেবারে পাশে পার্কিং করা মাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে ঘষা লাগে। এতে ট্রেনের ১০ থেকে ১২টি বগির দরজা ক্ষতিগ্রস্ত হয়ে খুলে পড়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।
রেলওয়ে চট্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ট্রেনের সঙ্গে একটি মিনি ট্রাকের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, এতে ট্রেনের একাধিক বগির দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে।
তিনি আরও জানান, ট্রাকটি শনাক্ত ও জব্দের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/পিবলু/এমকেএন





