চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী সিআরবি এলাকায় নতুন কোনো হাসপাতাল বা স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে দৃঢ় অবস্থান জানিয়েছেন সিটি মেয়র শাহাদাত হোসেন।
রবিবার (১৯ এপ্রিল) সকালে নগরীর জামালখান লিচুতলা এলাকায় ‘খাল-নালা পরিষ্কার কার্যক্রম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মেয়র জানান, সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিষয়ে তিনি আগেই সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে—গাছ কেটে বা পরিবেশ নষ্ট করে কোনো নতুন স্থাপনা সেখানে করা হবে না এবং এ ধরনের উদ্যোগ চট্টগ্রামবাসী মেনে নেবে না।
তিনি আরও বলেন, মন্ত্রীও এ বিষয়ে একমত পোষণ করেছেন। বর্তমানে সিআরবিতে থাকা পুরনো হাসপাতালটি সংস্কার বা পুনর্গঠনের মাধ্যমে আধুনিক করা যেতে পারে। প্রয়োজনে পুরনো ভবন ভেঙে নতুনভাবে উন্নত হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।
মেয়র জানান, সিআরবি এলাকায় নতুন করে স্থাপনা না করে বিদ্যমান কাঠামোর মধ্যেই উন্নয়ন কার্যক্রম চালানোর চিন্তা রয়েছে। পাশাপাশি একটি ডেন্টাল কলেজ এবং পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের বিষয়েও আলোচনা হয়েছে, তবে তা পুরনো অবকাঠামোর মধ্যেই সীমাবদ্ধ রাখার পরিকল্পনা রয়েছে।
এদিকে একই দিন সকালে সিআরবিতে হাসপাতাল নির্মাণের সম্ভাব্য উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ‘সিআরবি রক্ষা মঞ্চ’।
চাটগাঁ নিউজ/এমকেএন






