মারা গেলেন ফটিকছড়িতে দগ্ধ ফিলিং স্টেশন ম্যানেজার মনোতোষ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে অকটেনের আগুনে দগ্ধ হওয়া ফিলিং স্টেশন ম্যানেজার মনোতোষ নাথ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মনোতোষ উপজেলার নাজিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ইমাম নগরনাথ বাড়ির মৃত হরি মহন নাথের ছেলে এবং নাজিরহাট জনতা ফিলিং স্টেশনের ম্যানেজার।

জানা যায়, গত ১৪ এপ্রিল নিজ বাড়িতে মোটরসাইকেলের তেল দেখতে গিয়ে চেরাগের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিটে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে, তিনি বাড়িতে মজুদকৃত অকটেনের আগুনে পুড়েছেন বলেও অনেকে ধারণা করেন।

স্থানীয় বাসিন্দা সাবেক কাউন্সিলর মওলানা মোহাম্মদ ইয়াকুব বলেন, অকটেনের আগুনে পুড়েছে ঠিকই তবে অসাবধানতাবশত চেরাগ বাতি নিয়ে গাড়ির তেল দেখতে গিয়ে তিনি অগ্নিদগ্ধ হন। তেল মজুদের বিষয়টি রটানো। এমন হলে এলাকাবাসী জানত।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top