আলীকদমে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম সীমান্ত সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই ঘটনায় চালকসহ আরও এক আরোহী আহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টা ৫০ মিনিটে আলীকদম-পোয়ামুহুরী সীমান্ত সড়কের ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের কচুরছড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাংতুব মুরং (৭০) লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লাইল্যাপাড়া এলাকার বাসিন্দা এবং লুনওয়াই মুরংয়ের ছেলে। আহতরা হলেন মোটরসাইকেল চালক রিংরাউ মুরং (২০) ও আরোহী লংপং মুরং (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, কুরুকপাতা বাজার থেকে দুইজন যাত্রী নিয়ে মোটরসাইকেল চালক রিংরাউ মুরং আলীকদম সদরের দিকে যাচ্ছিলেন। পথে কচুরছড়া ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ চালকের চোখে পোকা ঢুকে পড়ায় তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশের পাহাড়ে সজোরে ধাক্কা খায় এবং চালকসহ তিনজন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাংতুব মুরংকে মৃত ঘোষণা করেন।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. হাসান জানান, বেলা ২টার দিকে আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং অন্য দুইজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আলীকদম থানার ওসি (তদন্ত) আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

চাটগাঁ নিউজ/ইলিয়াস/এমকেএন

Scroll to Top