সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপ উপজেলার মগধরা ও সারিকাইত ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়া গেলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মো. শিহাব (৩০) নামের এক ব্যক্তিকে এ জরিমানা করা হয়। তিনি উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ সময় অবৈধভাবে মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়। অভিযানে সন্দ্বীপ থানা পুলিশ ও বাংলাদেশ আনসারের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা জানান, পরিবেশ রক্ষা ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন





