বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার ২০০ মিটার অবৈধ বেহুন্দি ও কারেন্ট জাল জব্দ করেছে বোয়ালখালী উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দকৃত এসব জাল স্থানীয় জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) হালদা নদীতে মাছের প্রজনন মৌসুমকে সামনে রেখে বোয়ালখালী উপজেলা মৎস্য দপ্তর ও হালদা অস্থায়ী নৌপুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হালদা নদী, মোহনা ও কর্ণফুলী নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান চলে।
অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান। তিনি জানান, অভিযানে একটি বেহুন্দি জালসহ প্রায় ৫ হাজার ২০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা। পরে স্থানীয়দের উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন হালদা অস্থায়ী নৌপুলিশের এসআই রমজান আলী, সোহেল মিয়া, হালদা পাহাড়াদার আলমগীর, সুমনসহ সংশ্লিষ্টরা।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন






