চসিক মেয়র পদে নির্বাচন করার ইঙ্গিত দিলেন সাদিক কায়েম

চাটগাঁ নিউজ ডেস্ক : জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও ডাকসু ভিপি সাদিক কায়েম চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন এমন গুঞ্জন চলছে বেশকিছু দিন ধরে। এবার আর গুঞ্জন নয়, খোদ সাদিক কায়েমের কথায় এমনটা ইঙ্গিত পাওয়া গেল।

শুক্রবার (১৭ এপ্রিল) শিবিরের চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই ইঙ্গিত দেন।

এসময় মেয়র নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘মেয়র নির্বাচনের এখনো পর্যন্ত শিডিউল ঘোষণা হয়নি। তবে বিভিন্ন জায়গা থেকে প্রত্যাশা দেখতে পাচ্ছি। এটা ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মতামত আসছে, দেখা যাক-এটা সময়ে বলে দেবে। সময়ের অপেক্ষায় আছি। ইনশাআল্লাহ যে পরিমাণ সাড়া পাচ্ছি, যদি নির্বাচনে দাঁড়াই ভূমিধস বিজয় হবে।’

এর আগে অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘যারা এমপি-মন্ত্রী হয় নির্বাচনের আগে অনেক কথা বলে, সততার গল্প শোনায়; কিন্তু দায়িত্বে এসে জাতির সাথে তারা প্রতারণা করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরণের অভিযোগ উঠে। আমরা যেন আমাদের ভিশন এবং মিশন ঠিক রাখতে পারি সেদিকে সচেষ্ট থাকতে হবে।’

জামায়াত সূত্র জানায়, প্রার্থী চূড়ান্ত করতে মার্চ মাসের শুরুতে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছ থেকে গোপন ভোট নেওয়া হয়। সেই ভোটে মেয়র পদে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী মোহাম্মদ শফিউল আলমের নাম উঠে আসে। পরবর্তীতে এই চারজনের পাশাপাশি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে সাদিক কায়েমের নামও প্রস্তাব আকারে কেন্দ্রে পাঠানো হয়।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী সাদিক কায়েম জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতা হিসেবেও পরিচিত। তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় হলেও বর্তমানে তার পরিবার খাগড়াছড়িতে থাকেন। তবে নিয়মিত বাড়িতে যাওয়ায় চট্টগ্রামের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে। তরুণদের মধ্যে তার এই গ্রহণযোগ্যতা ও চট্টগ্রামের সঙ্গে পারিবারিক বন্ধনকে কাজে লাগাতে চায় জামায়াত।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top