বান্দরবান মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েম (২১)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মিনঝিরি এলাকার সাদাপাহাড় সংলগ্ন মাতামুহুরী নদীর গভীর অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দীর্ঘ প্রায় ৬ ঘণ্টার অভিযান শেষে সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার সম্ভব হয়।

নিহত আব্দুল ওয়াদুদ সায়েম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার বাড়ি এলাকার মো. সাইফুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সায়েম তার পাঁচজন বন্ধুর সঙ্গে বৃহস্পতিবার সকালে সীতাকুণ্ড থেকে লামার মিনঝিরি এলাকায় অবস্থিত হোয়াইট পিক স্টেশন নামের একটি রিসোর্টে বেড়াতে আসেন। তারা রিসোর্টে পৌঁছে দুপুরের দিকে মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। এ সময় অসাবধানতাবশত সায়েম নদীর গভীর অংশে চলে গেলে পানিতে তলিয়ে যান।

পরে রিসোর্ট কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে লামা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরবর্তীতে লামা ফায়ার সার্ভিসের একটি দল এবং চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।

রিসোর্টটির মালিক আজিম জানান, ছয়জন পর্যটক রিসোর্টে আসেন এবং প্রয়োজনীয় জিনিসপত্র রেখে নদীতে গোসল করতে নামেন। নদীর গভীর অংশে না যেতে তাদের সতর্ক করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, নদী থেকে পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত বছর ২ অক্টোবর একই এলাকায় মিনঝিরি সাদাপাহাড় সংলগ্ন হোয়াইট পিক স্টেশন রিসোর্টের সামনে মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. সোহান (২৭) নামে আরও এক পর্যটকের মৃত্যু হয়েছিল।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন

 

Scroll to Top