চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার লেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ইতোমধ্যে প্রকল্পের একটি অংশের ডিপিপি অনুমোদন হয়েছে এবং কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে মন্ত্রী এই তথ্য জানান।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক একটি জাতীয় গুরুত্বপূর্ণ সড়ক। এই মহাসড়কের অবশিষ্ট প্রায় ৪৮ কিলোমিটার অংশের জন্য ফিজিবিলিটি স্টাডি চলছে। এ অংশের উন্নয়নে অর্থায়ন নিশ্চিত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার সড়কটি দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ স্থানগুলো শনাক্ত করে সড়ক ও জনপদ বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে, যা বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।
সড়ক অবকাঠামো নিয়ে কথা বলতে গিয়ে শেখ রবিউল আলম বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে প্রায় ২৩ হাজার কিলোমিটার সড়ক রয়েছে। তবে দেশের মোট সড়ক নেটওয়ার্ক চার লাখ কিলোমিটারের বেশি, যার বড় অংশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন। অনেক সময় সংসদ সদস্যরা সব ধরনের সড়ক উন্নয়নের প্রস্তাব সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসেন, ফলে জবাবদিহিতার চাপও বাড়ে।
চাটগাঁ নিউজ/এসএ






