চাটগাঁ নিউজ ডেস্ক: জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রাষ্ট্রীয় এই সম্মাননা দেওয়া হয় স্বাধীনতা, গণতন্ত্র, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞানসহ বিভিন্ন খাতে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ।
এবারের পুরস্কারপ্রাপ্তদের মধ্যে অন্যতম হলেন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া, যাকে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়েছে। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান।
এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও ১৪ জন ব্যক্তিকে সম্মানিত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), শিক্ষাবিদ অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যিক আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেত, সংগীতশিল্পী বশীর আহমেদ (মরণোত্তর), ক্রীড়াবিদ জোবেরা রহমান লিনু, সমাজসেবক ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) এবং আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।
প্রতিষ্ঠানিক পর্যায়েও পাঁচটি প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি ভবিষ্যতে আরও কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
চাটগাঁ নিউজ/জেএইচ






