চাটগাঁ নিউজ ডেস্ক: বিশ্বখ্যাত সাময়িকী টাইমের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বিএনপি চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ এপ্রিল) সাময়িকীটির ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।
তালিকায় ‘লিডার’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন তারেক রহমান। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর বাংলাদেশের রাজনীতিতে তার প্রত্যাবর্তন এবং সাম্প্রতিক সক্রিয়তা তাকে বৈশ্বিকভাবে আলোচনায় নিয়ে এসেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তিনি আবারও শক্তিশালীভাবে রাজনৈতিক অঙ্গনে ফিরে আসেন। বিশেষ করে ২০২৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসে, যা তাকে সম্ভাব্য জাতীয় নেতৃত্বের কাতারে নিয়ে আসে।
প্রায় ১৭ বছর দেশের বাইরে থাকার পর সংগঠিতভাবে রাজনীতিতে সক্রিয় হয়ে তিনি একটি বড় নির্বাচনী সাফল্য অর্জন করেন, যা তার অবস্থানকে আরও সুদৃঢ় করেছে বলে প্রতিবেদনে বলা হয়।
এতে তার রাজনৈতিক উত্তরাধিকার নিয়েও আলোচনা করা হয়েছে। বলা হয়েছে, তিনি তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পথ অনুসরণ করছেন, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।
প্রতিবেদনে তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রতিশ্রুতির বিষয়ও উঠে এসেছে। জানুয়ারিতে দেওয়া এক সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ করা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করার অঙ্গীকার করেছেন।
বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি ও বেকারত্বের চাপের কথাও এতে উল্লেখ করা হয়। পাশাপাশি প্রতিবেশী ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের বিষয়টিও আলোচনায় এসেছে।
প্রতিবেদনে তার অতীতের কিছু আইনি ও রাজনৈতিক বিতর্কের কথাও তুলে ধরা হয়েছে, যদিও সেগুলোর অনেকগুলো পরে আদালতে খারিজ হয়েছে বলে উল্লেখ করা হয়।
সবশেষে বলা হয়, দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তা ও নির্বাসন শেষে তারেক রহমান এখন দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার ওপর জোর দিচ্ছেন। তিনি টাইমকে জানিয়েছেন, রাজনৈতিক বিভাজন কাটিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি।
উল্লেখ্য, টাইম সাময়িকীর এই তালিকায় রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব রাখা বিশ্বনেতাদের স্বীকৃতি দেওয়া হয়। এবার লিডার ক্যাটাগরিতে তারেক রহমানের সঙ্গে আরও স্থান পেয়েছেন পোপ লিও চতুর্দশ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ প্রমুখ।
চাটগাঁ নিউজ/এমকেএন






