সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মিলে ডাকাতি, তিন ডাকাত আটক

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড কারখানায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় অবস্থিত কারখানাটিতে ২০–২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্ব পাশ দিয়ে অতর্কিত হামলা চালায়।

ডাকাতরা কারখানার ভেতরে প্রবেশ করে তামা, পিতল, মোটর ও বৈদ্যুতিক ক্যাবলসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করার চেষ্টা করে। এ সময় দায়িত্বরত আনসার সদস্যরা বাধা দিলে ডাকাতরা তাদের ওপর হামলা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আত্মরক্ষার্থে আনসার সদস্যরা চার রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়েন। গুলির শব্দে ডাকাত দল ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে আনসার সদস্যরা ধাওয়া করে তিনজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হন। তবে অন্যরা কিছু মালামাল নিয়ে পালিয়ে যায়।

আটকরা হলেন—নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মো. শাজাহানের ছেলে মো. রাসেল (২৯), সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকার মো. সিরাজের ছেলে মো. জাবেদ (২৭) এবং একই ইউনিয়নের ফুলতলা গ্রামের আবুল কালামের ছেলে মো. শরীফুর রহমান (২৮)।

কারখানার ডিজিএম (এইচআর ও অ্যাডমিন) ইমরুল কাদের ভূঁইয়া জানান, আটক তিনজনের কাছ থেকে লুট হওয়া কিছু বৈদ্যুতিক ক্যাবল, দেশীয় কিরিচ ও রামদা উদ্ধার করা হয়েছে। ঘটনার পর কারখানার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top