চাটগাঁ নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দীর্ঘ সময় আটকে থাকার পর; বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন পণ্যবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বর্তমানে পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালির দিকে রওনা হয়েছে। জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন বলে জানা গেছে।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইটে দেখা যায়, জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে রওনা হয়েছে। দুপুর ১২টায় দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল জাহাজটি। জাহাজটির গতিবেগ দেখাচ্ছে ঘণ্টায় ৮ দশমিক ৩০ নটিক্যাল মাইল। জাহাজটির ড্রাফট (জাহাজের পানির নিচের অংশের দৈর্ঘ্য) ১০ দশমিক ৮০ মিটার।
জাহাজের ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম বলেন, এখানকার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় আমরা জাহাজ নিয়ে রাস আল খাইর বন্দর ছেড়ে এসেছি। আমাদের জাহাজে ৩৭ হাজার টন সার রয়েছে। হরমুজ প্রণালি পার হবার জন্য জাহাজে পর্যাপ্ত জ্বালানিও নেওয়া হয়েছে।
বিএসসি জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা থাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। ফলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জাহাজ চলাচলে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ‘বাংলার জয়যাত্রা’ নির্ধারিত সময়ের মধ্যেই নিরাপদে প্রণালি অতিক্রম করতে পারবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, বাংলার জয়যাত্রা জাহাজটি কাতারের মেসাইয়েদ বন্দর থেকে প্রায় ৩৮ হাজার ৮০০ টন ইস্পাতের কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে পৌঁছায়। যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা অবনতি এবং নৌ চলাচলে সতর্কতা জারির কারণে পণ্য খালাস কার্যক্রম বিলম্বিত হয়েছে। জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক অবস্থান করছিল। পরে পণ্য খালাস করে আরও কিছুদিন অপেক্ষা করছিল। যুদ্ধ বন্ধ না হওয়ায় অন্য বন্দর থেকে সার লোড করে নতুন গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে।
চাটগাঁ নিউজ/জেএইচ






