চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, কৃষিজমির টপসয়েলসহ যেখানেই অবৈধভাবে মাটি উত্তোলন করা হবে, সেখানে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ম্যাজিস্ট্রেটরা সরাসরি অভিযান পরিচালনা করবেন।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে পৌর সদরের গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, মাটি কাটার সঙ্গে জড়িতরা বাইরের কেউ নয়, বরং সমাজেরই অংশ। তাই প্রশাসনিক অভিযানের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, অপরাধীদের চিহ্নিত করে সমাজে তাদের বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে।
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তঃস্কুল অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। একটি লক্ষ্য স্থির করে এগিয়ে গেলে তারাই দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শৃঙ্খলা, সহনশীলতা ও দক্ষতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ মাধ্যম বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে শক্ত অবস্থান তৈরি করতে হলে প্রয়োজন স্বপ্ন, অঙ্গীকার ও দৃঢ় প্রত্যয়।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, উপজেলা প্রকৌশলী রনি সাহা, সমাজসেবা কর্মকর্তা পিপলু নাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, মৎস্য কর্মকর্তা নাঈম হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে মাধ্যমিক পর্যায়ের মোট ৩২টি দল অংশগ্রহণ করছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





