আদালতে যাওয়ার পথে যুবদলকর্মীকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে বাকলিয়া থানা এলাকায় এক যুবদলকর্মীকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পাল্টা হামলায় আরও একজন আহত হন এবং কয়েকটি বাসা- বাড়িতে ভাঙচুর চালানো হয়।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে নগরের বলুয়ার দিঘীরপাড় ও বউ বাজার এলাকায় দফায় দফায় এ ঘটনা ঘটে।

আহত যুবদল কর্মী মিনহাজ উদ্দিন নগরের বাকলিয়া থানার মাস্টারপুল এলাকার মৃত মিজানের ছেলে। তিনি স্থানীয় একটি গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত। অপর আহত আরমান প্রকাশ এঞ্জেল, একই থানার বউ বাজার এলাকার মৃত রফিকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানায়, সকালে আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় বলুয়ার দিঘীরপাড় এলাকায় মিনহাজের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ। ধারালো অস্ত্র দিয়ে তার হাতের একটি কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে, এ হামলার খবর ছড়িয়ে পড়লে দুপুরের দিকে নগরের দক্ষিণ বাকলিয়ার বউ বাজার এলাকায় মিনহাজের অনুসারীরা আরমান প্রকাশ এঞ্জেলের ওপর হামলা চালায় এবং তার বাড়িতে ভাঙচুর করে। এসময় তিনি একটি বাসায় আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পান।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসাইন মুহাম্মদ কবির ভুঁইয়া জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। এসময় একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন করা হয় এবং পরে পাল্টা হামলার ঘটনা ঘটে। উভয় ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল নগরের বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায় গোলাগুলি ও কুপিয়ে চারজনকে আহত করা হয়। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার এবং একটি শটগানসহ গুলি উদ্ধার করে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top