রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি, মাদক কারবারি ও মাদকসেবীসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) রাতে জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর নির্দেশনায় এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি অভিযাত্রী দল শহরের রিজার্ভ বাজার, ভেদভেদী বাজারসহ বিভিন্ন মাদক স্পটে অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— মো. আনোয়ার হোসেন (২৬), শিবাশীষ দত্ত (৫০), নাছির উদ্দিন (৪৫), জাহিদুল আলম (৩৫), ইরিন চাকমা (২২), ইমন চাকমা (১৯), সুশান্ত চাকমা (১৮), রনেল চাকমা (২২), মো. আকাশ (২২) এবং মিল্টন বিশ্বাস (৪০)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে একাধিক মামলার আসামি ছাড়াও মাদক কারবারি ও মাদকসেবী রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয়দের মতে, এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে শহরের মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
চাটগাঁ নিউজ/আলমগীর/এমকেএন






