পতেঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন এলাকায় মোহাম্মদ মামুন (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে নাজিরপাড়া এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মামুন নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের চরপাড়া গোল্ডেন ব্রিজ এলাকার মো. নেজামের ছেলে।

পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যা। মামুনের মামা মো. আসকান্দর অভিযোগ করেন, মামুনের সঙ্গে সামিয়া আক্তার লাইসা নামে এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল, যা মেয়েটির পরিবার প্রথমে মেনে নেয়নি। পরবর্তীতে নানা ঘটনায় মামুনের বিরুদ্ধে মামলা হয় এবং প্রায় ছয় মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।

তিনি জানান, এরপর কৌশলে প্রায় তিন মাস আগে আদালতের মাধ্যমে তাদের বিয়ে দেওয়া হয়, যদিও মেয়েটির বয়স তখনও ১৮ হয়নি। বিয়ের পর মামুন শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন।

অভিযোগ অনুযায়ী, বেকারত্ব ও পারিবারিক নানা বিষয় নিয়ে স্ত্রীর পরিবার, বিশেষ করে শাশুড়ির সঙ্গে তার বিরোধ চলছিল। একপর্যায়ে মামুন আলাদা হয়ে নাজিরপাড়ায় ভাড়া বাসায় থাকতে শুরু করেন। পরিবারের দাবি, তার শাশুড়ি মামুনের কাছে ১৮ লাখ টাকা দাবি করেছিলেন।

ঘটনার দিন জুমার নামাজ শেষে বাসায় ফেরার পর বিকেলে খবর আসে মামুন গলায় ফাঁস দিয়েছেন। তবে পরিবারের সন্দেহ, এটি সাজানো ঘটনা এবং তাকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন জানান, মরদেহের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। তবে ঘটনাস্থলের পরিস্থিতি সন্দেহজনক হওয়ায় বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, মামুন ও ওই কিশোরীর মধ্যে পূর্বে সম্পর্ক ছিল এবং একটি মামলার পর আদালতের শর্তে তাদের বিয়ে হয়। বর্তমানে মামুনের স্ত্রীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top