চাটগাঁ নিউজ ডেস্ক: দেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় জরুরি ভিত্তিতে হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, রোববার সকাল ৯টা থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হবে।
শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে বগুড়া, পাবনা, চাঁদপুর, কক্সবাজার, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, নওগাঁ, যশোর, নাটোর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, ঢাকা, ঝালকাঠি ও শরীয়তপুর জেলায় কার্যক্রম চালু হচ্ছে।
মন্ত্রী জানান, আক্রান্তদের বড় একটি অংশ—প্রায় ৮২ শতাংশ—৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশু। তাই প্রাথমিকভাবে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা হবে। আগে টিকা নেওয়া থাকলেও এই বয়সসীমার সব শিশুকেই আবার টিকা দেওয়া হবে।
টিকাদানের পাশাপাশি অসুস্থ বা জ্বরগ্রস্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে। তবে সুস্থ শিশুদের শুধু টিকাই দেওয়া হবে, অতিরিক্ত কোনো ওষুধ দেওয়া হবে না। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত টিকাকেন্দ্রে এই কার্যক্রম চলবে। আগের কেন্দ্রগুলোর পাশাপাশি স্কুল, কমিউনিটি সেন্টারসহ স্থানীয়ভাবে নির্ধারিত স্থানেও টিকা দেওয়া হবে।
তিনি আরও বলেন, এটি একটি চলমান কর্মসূচি। শুরুতে উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় কার্যক্রম চালু হলেও ধীরে ধীরে সারা দেশে বিস্তৃত করা হবে এবং জুলাইয়ের মধ্যে এটি নিয়মিত কর্মসূচির অংশ হয়ে উঠবে।
হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় আইসিইউ শয্যার সংকটের বিষয়ে মন্ত্রী জানান, প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত আইসিইউ সুবিধা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে স্বাস্থ্য বিভাগ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে, গুজবে বিভ্রান্ত না হয়ে নির্ধারিত সময় অনুযায়ী শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে আসতে এবং সম্মিলিতভাবে এই কর্মসূচি সফল করতে সহযোগিতা করতে।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে






