বাঁশখালীতে বটগাছে রহস্যজনক আগুন, উৎসুক জনতার ভিড়

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে একটি জীবন্ত বটগাছে আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ সাধনপুরে হযরত বদর পীর (রাঃ) মাজার সংলগ্ন এলাকায়, যেখানে আগুন দেখতে ভিড় জমায় স্থানীয় মানুষ।

শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে অর্ধশতাধিক বছর বয়সী বিশাল বটগাছটির ওপর থেকে আগুনের শিখা দেখা যায়। বিষয়টি লক্ষ্য করে স্থানীয়রা দ্রুত পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালালেও তা সফল হয়নি।

পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মাজারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

এ ঘটনার কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। কেউ ধারণা করছেন, বাইরে থেকে আগুন লাগানো হতে পারে। আবার কেউ এটিকে রহস্যজনক কিংবা অলৌকিক ঘটনা বলেও মনে করছেন।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, হঠাৎ করে গাছে আগুন দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এদিকে আগুনের উৎস নির্ধারণে প্রশাসনের পক্ষ থেকে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top