মিরসরাইয়ে প্রকৌশলীকে অপহরণ, আহত অবস্থায় উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে ফেরার পথে বিজয় হোসেন (২৭) নামে এক সহকারী প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। পরে পুলিশি অভিযানে তাকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) ভোরে অর্থনৈতিক অঞ্চলের সিপি মোড এলাকা থেকে আহত অবস্থায় বিজয়কে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সিপি মোড় এলাকা থেকে মুখোশধারী দুই ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কাজ শেষে বের হওয়ার পর বিজয়কে ভয় দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয়, যেখানে আরও একজন আগে থেকেই অবস্থান করছিল। সেখানে তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার পর হাত-পা বেঁধে ছবি তুলে পরিবারের কাছে পাঠানো হয় এবং মুক্তিপণ দাবি করা হয়।

পরিবারের সদস্যরা কয়েক দফায় বিকাশের মাধ্যমে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা পাঠালেও তাকে মুক্তি দেওয়া হয়নি। পরে নরসিংদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

ঘটনার খবর পেয়ে মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে অভিযান শুরু হয়। পুলিশের তৎপরতা টের পেয়ে অপহরণকারীরা স্থান পরিবর্তন করতে থাকে। এক পর্যায়ে শুক্রবার ভোরে একটি বিদেশি প্রতিষ্ঠানের সামনে থেকে বিজয়কে উদ্ধার করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হবে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও আন্তর্জাতিক খবর পড়ুন – চাটগাঁ নিউজ আন্তর্জাতিক

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top