ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে ট্রাক

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে কালুরঘাটে ফেরিতে ওঠার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে পড়ে যায়। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নদীর বোয়ালখালী উপজেলা প্রান্তে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালক ট্রাক থেকে বেরিয়ে সাঁতরে কূলে ওঠেন।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকটি লোহাগাড়া উপজেলায় পণ্য খালাস করে নগরের সিঅ্যান্ডবি এলাকায় যাওয়ার উদ্দেশ্যে ফেরিতে উঠছিল। ফেরিতে ওঠার সময় হঠাৎ এটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সময় ট্রাকটিতে চালক ছাড়া আর কোনো ব্যক্তি ছিল না।

ফায়ার সার্ভিস জানায়, ট্রাকটির চালকের নাম মো. ওসমান (৩৫)। দুর্ঘটনার সময় তিনি মাথায় আঘাত পেয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয়রা বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের রেজিস্ট্রার উপল চৌধুরী বলেন, ওসমান নামে বোয়ালখালী থেকে গতকাল রাত ১১টার দিকে একজনকে হাসপাতালে আনা হয়। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৫ মার্চ বিকেলে কুষ্টিয়ার কুমারখালী থেকে যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহন নামে একটি বাস অর্ধশতাধিক যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে পদ্মায় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ ঘটনায় মোট ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

 

Scroll to Top