ফটিকছড়িতে অবৈধ অটোরিকশার দাপট, বাড়ছে দুর্ঘটনা-জনদুর্ভোগ 

আনোয়ার হোসেন ফরিদ: চট্টগ্রামের ফটিকছড়িতে অনিয়ন্ত্রিত ও অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচলে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। হাটবাজার থেকে শুরু করে গ্রাম-মহল্লার অলিগলি সবখানেই বেড়েছে এসব অটোরিকশার দাপট। প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার অভাবে উপজেলার বিভিন্ন সড়কে তীব্র যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিরহাট ও বিবিরহাটের মতো গুরুত্বপূর্ণ বাজারগুলোতে অবৈধ অটোরিকশার যত্রতত্র পার্কিং ও চলাচলের কারণে প্রতিদিনই যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ পথচারী, যাত্রী ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সড়কে চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে কেউ না কেউ।

এদিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে সড়ক বিভাগের সাইনবোর্ডে তিন চাকার এসব যান চলাচল নিষিদ্ধ উল্লেখ থাকলেও তা মানা হচ্ছে না। প্রশাসনের নজরদারি এড়িয়ে মহাসড়কটিতে অবাধে চলাচল করছে এসব অটোরিকশা। ফলে সড়কটিতেও বেড়েছে দুর্ঘটনার মাত্রা।

অভিযোগ রয়েছে, বিবিরহাট ও নাজিরহাট এলাকায় কয়েকজন অসাধু ব্যবসায়ী অবৈধভাবে অটোরিকশা তৈরির কারখানা গড়ে তুলেছেন। এসব কারখানায় প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন অটোরিকশা। কয়েকটি কারখানার মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, চাহিদা অনুযায়ী প্রতিটি কারখানায় প্রতি সপ্তাহে গড়ে দুই থেকে তিনটি নতুন অটোরিকশা তৈরি করা হচ্ছে।

নাজিরহাটের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিবন্ধনহীন যানবাহন এবং অদক্ষ চালকদের কারণে সড়কে নিরাপত্তাঝুঁকি বাড়ছে। অবিলম্বে অবৈধ অটোরিকশা তৈরির কারখানা বন্ধ, যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ এবং চালকদের শৃঙ্খলার আওতায় আনতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

অন্যদিকে স্থানীয় কয়েকজন অটোরিকশাচালক জানান, আগে তারা প্যাডেলচালিত রিকশা চালাতেন, বর্তমানে ব্যাটারিচালিত অটোরিকশা চালাচ্ছেন। তাদের দাবি, স্থানীয় চালকদের পাশাপাশি চট্টগ্রামের বাইরের অনেক চালকও এলাকায় এসে এসব যান চালাচ্ছেন। তাদের অনেকেরই পর্যাপ্ত অভিজ্ঞতা ও দক্ষতা নেই। ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারাও প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, সম্প্রতি সরকার ব্যাটারিচালিত অটোরিকশা ও তিন চাকার মোটরযান নিয়ন্ত্রণ এবং চলাচলের জন্য নীতিমালা জারি করেছে। নীতিমালা অনুযায়ী, প্রতিটি অটোরিকশার জন্য স্থানীয় সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নিবন্ধন সনদ ও নম্বরপ্লেট নেওয়ার পাশাপাশি চালকের ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, আগামী আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। অটোরিকশার সমস্যাটি সারা দেশেই রয়েছে। বিশেষ করে প্রশিক্ষণ ছাড়াই চালক হয়ে যাওয়া এবং অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা বাড়ছে। এ বিষয়ে কীভাবে কাজ করা যায়, তা আলোচনা করে একটি দিকনির্দেশনা পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top