উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অপহৃত ৬ বছরের শিশু উদ্ধার

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণের শিকার ছয় বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। অপহরণের পর শিশুটির পরিবারের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন অপহরণকারীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে এই তথ্য নিশ্চিত করেন ৮ এপিবিএন এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ১৫ নম্বর ক্যাম্পের এফ/২ ব্লকের একটি ড্রেনের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুর নাম রুমাইনা (৬) একই ক্যাম্পের এফ/৫ ব্লকের বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে।

এপিবিএন সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টা ৫ মিনিটের দিকে নিজ শেডের পাশে খেলাধুলা করছিল রুমাইনা। এ সময় ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে অপহরণ করে একটি ইজিবাইকে তুলে নিয়ে যায়। পরে দুপুর ২টা ৫ মিনিটের দিকে অপহরণকারীরা শিশুটির মায়ের মোবাইল ফোনে কল করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

বিকালে শিশুটির পরিবার ও সংশ্লিষ্ট ব্লকের হেড মাঝি বিষয়টি ৮ এপিবিএনকে অবহিত করেন। পরে ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ পিপিএমের সার্বিক নির্দেশনায় জামতলী পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক তারেক মোহাম্মদ আবদুল হান্নানের নেতৃত্বে একটি দল অভিযান শুরু করে।

অপহরণকারীদের ব্যবহৃত মোবাইল নং তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করে রাত সাড়ে ৯টার দিকে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়। পরে ১৫ নং ক্যাম্পের এফ/২ ব্লকের ড্রেনের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর আইন প্রক্রিয়া শেষে হেড মাঝি ও সাব-মাঝির উপস্থিতিতে শিশুটিকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ আরও বলেন, শিশু অপহরণের বিষয়টি জানার পরপরই আমরা গুরুত্বের সঙ্গে কাজ শুরু করি। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের ব্যবহৃত মোবাইল নম্বর বিশ্লেষণ করে দ্রুত শিশুটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

পরে অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্যাম্পের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে ৮ এপিবিএনের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/জেএইচ

Scroll to Top