চাটগাঁ নিউজ ডেস্ক : জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে এক দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১ এপ্রিল) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ মামলাটি দায়ের করেন একই কার্যালয়ের সহকারী পরিচালক সায়েদ আলম।
মামলায় আসামিরা হলেন- সায়মা হাসান প্রকাশ সায়মা বেগম এবং তার স্বামী সাবেক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসান।
দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ জানান, সায়মা হাসান অসৎ উদ্দেশ্যে সম্পদ গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন এবং অবৈধভাবে অর্জিত সম্পদ ভোগদখলে রেখেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করাই মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সায়মা হাসান তাঁর দাখিল করা সম্পদ বিবরণীতে প্রায় ২ কোটি ৪৩ লাখ টাকার সম্পদ দেখালেও অনুসন্ধানে তাঁর নামে প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এতে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার সম্পদ গোপনের অভিযোগ উঠেছে। এছাড়া তাঁর বৈধ আয়ের উৎস হিসেবে প্রায় ৫০ লাখ টাকার তথ্য পাওয়া গেলেও, নীট সম্পদের সঙ্গে তুলনা করে প্রায় ৩ কোটি ১৪ লাখ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।
মামলায় আরও বলা হয়েছে, তাঁর স্বামী মোহাম্মদ কামরুল হাসান চাকরিরত অবস্থায় অর্জিত অবৈধ অর্থ স্ত্রী’র নামে সম্পদ হিসেবে বিনিয়োগ এবং তা ভোগদখলে সহায়তা করেছেন।
এ অভিযোগে তাঁকে দণ্ডবিধির ১০৯ ধারায় (অপরাধে সহায়তা) অভিযুক্ত করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ





