চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের সীমান্তবর্তী টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ সাতজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতবাড়িতে কয়েকজন নারী ও শিশু মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি ছিলেন।
সরাসরি অভিযান পরিচালনা করে সোমবার বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের বিশেষ দল ওই বাড়িতে প্রবেশ করে। তল্লাশির সময় উদ্ধার করা হয় সাতজনকে, কিন্তু কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মানব পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবন, উচ্চ বেতন এবং কম খরচে পাঠানোর প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাচারের চেষ্টা চালাচ্ছিল।
উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও মানব পাচার প্রতিরোধে অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






