মার্কেটের ৬ তলা ভবন থেকে পড়েও বেঁচে গেলেন তরুণ!

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের চকবাজারে গুলজার টাওয়ারের ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে এক তরুণ গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।

দোকানিরা জানান, ঈদের ছুটিতে গুলজার টাওয়ার বন্ধ থাকার পর রোববার সকাল থেকে দোকানপাট খোলার প্রস্তুতি নেওয়ার সময় ওই তরুণ সেখানে ঢুকে যায়। একপর্যায়ে সিঁড়ি বেয়ে সে ছাদে উঠে গেলে বারবার নেমে আসতে বলা হলেও শুনেনি। ৬ তলা ভবনের ছাদে উঠে বাইরের রাস্তার দিকে ঝুলে থাকা অবস্থায়ও তাকে আটকানোর চেষ্টা করা হয়। কিন্তু একপর্যায়ে সে লাফ দিয়ে নিচে পড়ে গিয়ে আহত হয়।

গুলজার টাওয়ার দোকান মালিক সমিতির সভাপতি শাখাওয়াত রাহুল জানান, ওই তরুণ হঠাৎ ছাদের ওপর উঠে লাফ দেয়। তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধারণা করছি, সে মানসিক ভারসাম্যহীন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি থেকে জানানো হয়, গুরুতর আহত অবস্থায় ওই তরুণকে হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। বয়স ২১ থেকে ২২ বছর।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের খান বলেন, মার্কেটের দারোয়ানদের নির্দেশ অমান্য করে ছাদে যায় ওই যুবক। পরে দারোয়ানরা তাকে নিচে নামিয়ে আনার চেষ্টা করলে সে লাফ দেয়। কিন্তু লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে সে মাটিতে পড়েনি। প্রথমে একটি কোচিং সেন্টারের সাইনবোর্ডের উপর পড়ে। সেখান থেকে ইন্টারনেট তারের উপর পড়ে। ওই তার থেকে মাটিতে পড়ে। এতে কিছুটা আহত হন। তাকে স্থানীয় ব্যবসায়ীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top