চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভক্তিময় আবহ এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ও বর্ণাঢ্য অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে।
উৎসবের সূচনায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে ভক্তবৃন্দ, সুধীজন ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সেবাশ্রম প্রাঙ্গণ এক পবিত্র ও আধ্যাত্মিক পরিবেশে রূপ নেয়। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিয়মিত পূজা-অর্চনা, চণ্ডীপাঠ, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, নামসংকীর্তন এবং ভক্তিমূলক সংগীত পরিবেশনার আয়োজন করা হয়।
বিশেষ করে সন্ধ্যাকালীন আরতি, কীর্তন, নাটক আদ্যাশক্তি ত্রিনয়নী, শ্রীকৃষ্ণস্তু ভগবান স্বয়ম ও ধর্মীয় ব্যান্ড পার্থ সারথীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল ভক্তদের প্রধান আকর্ষণ। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো সেবাশ্রম প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত ও মুখরিত। প্রায় ৫০ হাজার ভক্তের ধর্মীয় এই মিলনমেলা পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
অনুষ্ঠানমালার অংশ হিসেবে ধর্মীয় আলোচনা সভা ও শাস্ত্র পাঠ অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম ১৪ আসনের মাননীয় সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি কাজে তিনি চন্দনাইশের বাইরে থাকায় আশ্রমের অধ্যক্ষ শ্রী অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ এর মাধ্যমে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি শ্রী বাবুল ঘোষণা বাবুন, বিশেষ বক্তা ছিলেন দ্য চিটাগং ট্রাস্ট অব বাংলাদেশ এর চেয়ারম্যান শ্রী অরুন কান্তি মল্লিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শ্রী উজ্জ্বল বরণ বিশ্বাস।
এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাধু সমন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
সমগ্র অনুষ্ঠানের আয়োজক ছিলেন শ্রীমৎ অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ। যার সার্বিক দিকনির্দেশনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পুলক বড়ুয়া ও দীপিকা চৌধুরী।
চাটগাঁ নিউজ/এসএ





