রাঙ্গুনিয়ায় বালুর ব্যবসা বন্ধের ঘোষণা সাংসদ হুমাম কাদের চৌধুরীর

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী এলাকায় বালু ব্যবসার সিন্ডিকেট ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, আগামী মাস থেকে রাঙ্গুনিয়ায় বালুর ব্যবসা সম্পূর্ণরূপে বন্ধ করা হবে।

শুক্রবার (২৭ মার্চ) রাঙ্গুনিয়ার একটি স্থানীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

সাংসদ বলেন, রাঙ্গুনিয়ার পরিবেশ রক্ষা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে আমরা বদ্ধপরিকর। বালু উত্তোলন ও পরিবহনের কারণে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং নদীভাঙনের ঝুঁকি বাড়ছে—এটি আর সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, আগামী মাসের ১ তারিখ থেকে বালুর সব ধরনের ইজারা ও ব্যবসা বন্ধের নির্দেশ কার্যকর হবে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। যারা এ ব্যবসার সঙ্গে যুক্ত, তারা যেন এখনই বিকল্প পথ খুঁজে নেয়। আইনের ঊর্ধ্বে কেউ নয়।

রাঙ্গুনিয়ার ইছামতী নদী ও কর্ণফুলী নদী তীরবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে কৃষিজমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। এ সময় উপস্থিত এলাকাবাসী এই ঘোষণাকে স্বাগত জানান।

সাংসদ আরও বলেন, রাঙ্গুনিয়াকে একটি আদর্শ ও পরিবেশবান্ধব নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। উন্নয়নের নামে পরিবেশ ধ্বংসের রাজনীতি আমরা করি না।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top