সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে একটি গরুর খামারসহ মোট ৬টি দোকানঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে খামারে থাকা ১১টি গরু ও ১৩টি ছাগল মারা গেছে বলে জানিয়েছেন ‘মা-বাবার দোয়া ডেইরি অ্যান্ড অ্যাগ্রো’ ফার্মের মালিক হাবিবুর রহমান মিন্টু।
শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আস্তানা এলাকার গোয়ালিনী কারখানার সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি দোকানঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।
আগুনে স্থানীয় শুক্কুর সওদাগরের মালিকানাধীন ৬টি দোকানঘর এবং একটি খামার সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে এর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
খামারের মালিক হাবিবুর রহমান মিন্টু বলেন, আগুনে আমার ১৩টি ছাগল ও ১১টি গরু মারা গেছে। দুইটি ব্যাংকে আমার প্রায় ১৪ লাখ টাকার ঋণ রয়েছে। প্রতিদিন খামার থেকে অন্তত ৩০ লিটার দুধ বিক্রি করতাম, সেই টাকা দিয়ে ঋণ পরিশোধ করতাম। এখন সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি।
ক্ষতিগ্রস্ত মুদি দোকানদার সুমন জানান, আমার দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। কিছুই বের করতে পারিনি। প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা শহিদুল ইসলাম শহিদ বলেন, আগুনে খামারসহ বেশ কয়েকটি দোকানঘর পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। তাদের জন্য প্রশাসন ও বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন





