রাউজানে র‍্যাবের অভিযানে পাইপগান ও কার্তুজ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজান উপজেলায় অবৈধ অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান চালিয়েছে র‍্যাব-৭ এর সিপিসি-২ কোম্পানির একটি দল।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত প্রায় ১টা ৪০ মিনিটে উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভোমরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ভোমরপাড়া গ্রামের মাহমুদুর রহমান ওরফে মাহমুদের বসতবাড়ির পূর্ব পাশে একটি খালি জমি থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও ১২ বোরের দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তীতে তাদের ফেলে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top