মিরসরাইয়ে তসবিহর দানা গলায় আটকে প্রাণ গেল শিশুর

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে তসবিহর দানা গলায় আটকে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর ভূঁইয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তালহা বিন শহিদ ভূঁইয়া স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলামের সন্তান।

পরিবারের সদস্যরা জানান, খেলাধুলার এক পর্যায়ে হঠাৎ একটি তসবিহর দানা তালহার গলায় আটকে যায়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং শ্বাসকষ্ট শুরু হয়। পরে দ্রুত তাকে আশঙ্কাজনক অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজন মোরশেদ ভূঁইয়া জানান, তালহার বাবা পেশায় ব্যবসায়ী এবং মা একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শুক্রবার সকাল ৯টায় তাদের নিজ বাড়িতে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তসবিহর দানা গলায় আটকে শিশুটির শ্বাসনালি বন্ধ হয়ে যায়, যা তার মৃত্যুর কারণ হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top