ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে ছেলেদের সঙ্গে বাগবিতণ্ডার পর এক বৃদ্ধের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের দরগাহপাড়ায় নুরুল হুদা প্রকাশ লোদান (৬০) মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে লোদানের সঙ্গে তার বড় ছেলে ও অপর ছেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এর কিছু সময় পরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়।
প্রথমদিকে পারিবারিকভাবে অভিযোগ করা হয়, দুই ছেলের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তবে গভীর রাতে এ অভিযোগ থেকে তারা সরে এসেছে বলে জানা গেছে।
এদিকে, স্থানীয়দের অনেকে ধারণা করছেন, উত্তেজনার কারণে তিনি স্ট্রোক করতে পারেন। তার শরীরে কোথাও আঘাতের দৃশ্যমান কোনো চিহ্ন পাওয়া যায়নি।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার জানান, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।
তিনি আরও জানান, মৃত ব্যক্তির স্ত্রী একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনে অস্বাভাবিক কিছু পাওয়া গেলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন





