খাগড়াছড়ির দীঘিনালায় ভয়াবহ আগুন, ৩৫ দোকান পুড়ে ছাই

চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত প্রায় ২টা ২০ মিনিটে বাজারের কাপড়ের গলিতে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়দের ধারণা, ঝুলে থাকা বৈদ্যুতিক তার থেকে শর্ট সার্কিটের কারণে আগুনের শুরু হতে পারে। কাপড়ের দোকান থাকায় দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়েই বড় আকার ধারণ করে।

খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

দীঘিনালা ফায়ার সার্ভিসের কর্মকর্তা পংকজ জানান, অগ্নিকাণ্ডে জুতার দোকান, স্বর্ণের দোকান, সেলুন ও কাপড়ের দোকানসহ মোট ৩৫টি প্রতিষ্ঠান পুড়ে গেছে।

বোয়ালখালী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, কাপড়ের গলির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ীদের প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top